শিক্ষার্থী নাদিমুল হত্যা: বংশাল থেকে যুবলীগ নেতা গ্রেফতার
ছবি : প্রতীকি
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুরান ঢাকায় শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম হত্যা মামলায় বংশাল এলাকার যুবলীগ নেতা হেদায়েতুল ইসলাম আমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বংশালের সিক্কাটুলি লেন থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় এলাকায় পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।
ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনকে এজাহারনামীয় আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত করছে।
জসিম উদ্দিন খান বলেন, বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তাদের আদালতে হাজির করা ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।