কক্সবাজারে উচ্ছেদ আতঙ্কে স্থানীয়দের বিক্ষোভ

কক্সবাজারে উচ্ছেদ আতঙ্কে স্থানীয়দের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

আবারও উচ্ছেদ আতঙ্কে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাজারো নারী পুরুষ বিক্ষোভ করেছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নিজাম উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশে প্রথমবারের মতো নেওয়া জলবায়ু উদ্বাস্তুদের সবচেয়ে বড় আবাসন প্রকল্পে প্রকৃত উদ্বাস্তুদের তালিকা করতে গিয়ে বাধার মুখে পড়েছে জেলা প্রশাসনের একটি দল। বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে এ তালিকা করতে যাওয়া হয়।

সূত্রমতে, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকাটিতে অন্তত ৭০ হাজার মানুষের বসবাস। তারা দীর্ঘ অর্ধশত বছরের কাছাকাছি এই জায়গায় অবস্থান করছেন। এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় শুটকি মহাল। হাজার হাজার নারী-পুরুষ এই মহালের ওপর নির্ভরশীল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিমানবন্দর নির্মাণের অজুহাতে দখল চেষ্টারত এলাকাটিতে একটি চক্র বিলাসবহুল স্থাপনা নির্মাণের নকশা আছে বলে আলোচনা শোনা যাচ্ছে। এর আগেও উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে এক যবক নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নিজাম উদ্দিন আহমদ বলেন, সমিতি পাড়ার কিছু লোকজন বাসস্থানের সমস্যার কথা বলতে কয়েকদিন আগে আমাদের কাছে এসেছিলেন। তাদের দাবি ছিল, তারা প্রকৃত উদ্বাস্তু। তাই দ্রুত সময়ের মধ্যে যেন তাদরকে পার্শ্ববর্তী খুরুশকুল এলাকায় গড়ে ওঠা সরকারি আবাসন প্রকল্পে যেন ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান,  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।