রাজধানীর কালসী রোডে হাঁটুপানিতে জনদুর্ভোগ
ছবি : সংগৃহীত
সকাল থেকে টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর মিরপুর এলাকার কালসী রোডে এক হাঁটু পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এই রাস্তায় জলবদ্ধতার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় এমন হয়েছে। তারমধ্যে রাস্তার এই জায়গাটা কিছুটা নিচু ফলে এক হাঁটুর বেশি পানি জমেছে। বাস-ট্রাক রাস্তার শুধু ডান পাশ দিয়ে যেতে পারছে তাই ব্যাপক যানজট তৈরি হচ্ছে।
সরেজমিনে দুপুর দেড়টায় দীর্ঘ যানজট দেখা গেছে। রাস্তার অর্ধেক পাশ দিয়ে শুধু গাড়ি যেতে পারছে।
আব্দুল জলিল নামের একজন পথচারী বলেন, রাস্তার পানি নামতে পারছে না তাই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অবস্থা আরও খারাপ হবে।
রায়হান আলী নামের একজন দোকানী বলেন, এভাবে রাস্তায় জলাবদ্ধতা হলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়। মানুষ আসতে পারে না। এছাড়া রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষও প্রচুর ভোগান্তিতে পড়েন।