ম্যানচেস্টার ডার্বির আগে বড় দুঃসংবাদ সিটির

ম্যানচেস্টার ডার্বির আগে বড় দুঃসংবাদ সিটির

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিরতির পর আবার মাঠে গড়ানোর অপেক্ষায় ইউরোপিয়ান ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ অপেক্ষা করছে ম্যানসিটির জন্য। তবে বড় এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল সিটি। ইনজুরির কারণে রোববার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে পারবেন না মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। বুধবার ক্লাব আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার বুরকিনা ফাসোর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে মাত্র কয়েক মিনিট খেলেই চোট পান মারমুশ। হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। মিশরের দলের ডাক্তার নিশ্চিত করেছেন, তার হাঁটুতে ব্রুজ হয়েছে। সিটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “মিশরে করা প্রাথমিক স্ক্যানের রিপোর্ট বলছে তিনি রোববারের ম্যানচেস্টার ডার্বিতে খেলতে পারবেন না। তিনি ম্যানচেস্টারে ফিরবেন আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।”

গত মৌসুমের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন মারমুশ। প্রথম মৌসুমেই সব মিলিয়ে আট গোল আর চার অ্যাসিস্টে দারুণ প্রভাব ফেলেছিলেন। তবে চলতি মৌসুমে এখনো গোল পাননি তিনি। তাই ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার না থাকা পেপ গার্দিওলার জন্য বড় ধাক্কা। 

এখন লিগ টেবিলে কঠিন পরিস্থিতিতে আছে সিটি। তিন রাউন্ড শেষে মাত্র একটি জয় নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে তারা। এরই মধ্যে রায়ান শেরকি ও মাতেও কোভাচিচের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীর্ঘমেয়াদি ইনজুরিতে ছিটকে গেছেন। ফিল ফোডেন ও সাভিনিওও আছেন সন্দেহের তালিকায়। মারমুশের ইনজুরি আক্রমণভাগের সমস্যা আরও বাড়িয়ে দিল।

সিটিকে ছন্দ ফেরানোর আশা ছিল মারমুশের গতি আর স্কিলের ওপর। কিন্তু ডার্বিতে তাকে ছাড়াই নামতে হচ্ছে। ফলে অন্য ফরোয়ার্ডদের এগিয়ে আসতে হবে, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, যারা প্রতিপক্ষের দুরবস্থার সুযোগ নিতে চাইবে। প্রতিনিয়ত বাড়তে থাকা ইনজুরি সমস্যার কারণে কঠিন এক সপ্তাহ অপেক্ষা করছে পেপ গার্দিওলার জন্য। মৌসুমের শুরুতেই যেটা সিটির ছন্দ খুঁজে পাওয়াকে আরও জটিল করে তুলেছে।