আর্জেন্টিনা নয়, ‘ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন’

আর্জেন্টিনা নয়, ‘ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন’

সংগৃহীত ছবি

বিশ্বকাপে আত্মবিশ্বাসী মেজাজেই এগিয়ে যাচ্ছে ফ্রান্স ও স্পেন। ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দল দুটি। এই দুই দল মুখোমুখি হবে সেমিফাইনালে। স্পেনের কাছে হেরে বিদায় নেওয়া বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া মন্তব্য করেছেন, ফ্রান্স-স্পেনের এই লড়াই থেকেই বের হবে বিশ্বচ্যাম্পিয়ন।

ম্যাচ শেষে স্পেনকে কেমন দেখলেন, এমন প্রশ্নে কোর্তোয়া বলেন, ‘তারা অবশ্যই বিশ্বকাপ জিততে পারে, কারণ তাদের অনেক বিশ্বাস আছে এবং দলটাও দুর্দান্ত। আমার মনে হয়, এই সেমিফাইনালের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন।’

এই মন্তব্যে কার্যত আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও নরওয়েকে নিয়ে গঠিত টুর্নামেন্টের অন্য অংশটিকে অগ্রাহ্য করেছেন কোর্তোয়া।

টুর্নামেন্টের ফলাফল নিয়ে কোর্তোয়ার এই মন্তব্য অনেকটাই মিলে যায় লামিন ইয়ামালের কথার সঙ্গে। যদিও ইয়ামাল প্রকাশ্যে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের সম্ভাবনা উড়িয়ে দেননি। 

বিজয়ী দলের এই খেলোয়াড়ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমরাই বিশ্বকাপের সেরা দুই দল। যদি কেউ তাদের বিপক্ষে জিততে পারে, তাহলে সেটা আমরাই।’

বিশ্বকাপের অন্য ব্র্যাকেটের শেষ আটের লড়াইয়ে আজ রাত ও কাল সকালে মুখোমুখি হবে যথাক্রমে ইংল্যান্ড-নরওয়ে ও আর্জেন্টিনা-সুইজারল্যান্ড। দুই ম্যাচের বিজয়ী মুখোমুখি হবে সেমিফাইনালে।