পাকা দেয়ালে তায়াম্মুমের বিধান: যা জানা জরুরি
ছবি: সংগৃহীত
ইসলামি শরিয়তে পবিত্রতা অর্জনের মূল মাধ্যম হলো পানি ব্যবহার। তবে অসুস্থতা, পানি না পাওয়া কিংবা পানি ব্যবহারে অক্ষমতার মতো বিশেষ পরিস্থিতিতে শরিয়ত বিকল্প হিসেবে তায়াম্মুমের অনুমতি দিয়েছে। তায়াম্মুমের জন্য সাধারণত মাটি বা মাটি-জাতীয় বস্তু ব্যবহার করতে হয়। কিন্তু আধুনিক নির্মাণসামগ্রী যেমন ইট, সিমেন্ট বা রঙ করা দেয়ালে তায়াম্মুম বৈধ কি না, এ প্রশ্ন অনেকের মনে জাগে। এ বিষয়ে ইসলামি শরিয়তে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
পাকা দেয়ালে তায়াম্মুমের বিধান
মসজিদ বা বাড়ির দেয়াল যদি ইট, বালু বা সিমেন্ট দ্বারা নির্মিত হয় এবং তাতে কোনো প্রকার রঙ বা প্রলেপ না থাকে, তাহলে এ ধরনের দেয়ালে তায়াম্মুম করা সহিহ হবে। কারণ, এসব উপাদান মূলত মাটি জাতীয় এবং শরিয়তের দৃষ্টিতে পবিত্র।
কিন্তু দেয়াল যদি রঙ করা থাকে, তবে রঙের উপাদান বিবেচনা করতে হবে। যদি রঙ চুন বা মাটি জাতীয় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়, তবে তায়াম্মুম বৈধ হবে।
আর যদি রঙ প্লাস্টিক, কেমিক্যাল বা তেল-জাতীয় কৃত্রিম উপাদান দিয়ে তৈরি হয়, তবে তাতে তায়াম্মুম বৈধ নয়। কারণ, এগুলো মাটি জাতীয় নয় এবং শরিয়তের দৃষ্টিতে পবিত্রতার মাধ্যম হিসেবে গণ্য হয় না।
(কিতাবুল আছল: ১/১০৪; খুলাসাতুল ফতোয়া: ১/৩৯; তাতারখানিয়া: ১/৩৭৪; আলবাহরুর রায়েক: ১/১৪৭, ১৭৩; রদ্দুল মুহতার ১/২৫৭
তায়াম্মুমের পদ্ধতি
উভয় হাতের কাপড়গুলো কনুইয়ের উপরে উঠিয়ে নেবে। তায়াম্মুম দ্বারা নামাজ পড়ার নিয়ত করে বিসমিল্লাহ পাঠ করবে। নিজের উভয় হাতের তালুকে আঙুলগুলো খোলা রেখে মাটির ওপর রাখবে। হাতকে মাটির ওপর সামান্য ঘষবে। তারপর উভয় হাত উঠিয়ে ঝেড়ে ফেলবে। এরপর পুরো মুখমণ্ডল মাসেহ করবে। অতঃপর আগের মতো উভয় হাতের তালু আঙুল খোলা রেখে মাটির ওপর রেখে সামান্য ঘষবে। এরপর নিজের বাঁ হাত দ্বারা ডান হাত কনুই পর্যন্ত মাসেহ করবে। এরপর ডান হাত দিয়ে বাঁ হাত কনুই পর্যন্ত মাসেহ করবে। তাতে তায়াম্মুম পরিপূর্ণ হয়ে যাবে। এরপর ফরজ, নফল সব ধরনের ইবাদত আদায় করতে পারবে। (কিতাবুল আসার লি আবি ইউসুফ: ৭৭; মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১/১৬০)
যেসব কারণে তায়াম্মুম ভেঙে যায়
যেসব কারণে অজু ভেঙে যায়, সেসব কারণে তায়াম্মুমও ভেঙে যায়। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১/১৬০) এছাড়াও পানি ব্যবহারে সক্ষম হয়ে গেলে, তায়াম্মুমের অনুমতি প্রদানকারী অপারগতা দূর হয়ে গেলে তায়াম্মুম ভেঙে যাবে। যেমন—দুশমনের ভয় খতম হয়ে গেলে, রোগের আশঙ্কা শেষ হয়ে গেলে ইত্যাদি। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১/১৯২)
তায়াম্মুম ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ বিকল্প ব্যবস্থা, যা বিশেষ পরিস্থিতিতে মুসলিমদের জন্য সহজতা প্রদান করে। তবে তায়াম্মুম করার সময় অবশ্যই নিশ্চিত হতে হবে যে, ব্যবহৃত বস্তু মাটি বা মাটি-জাতীয় উপাদান থেকে তৈরি। আধুনিক নির্মাণসামগ্রীর ক্ষেত্রে সন্দেহ থাকলে অবশ্যই আলেম বা মুফতির পরামর্শ নেওয়া উচিত।