ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র চালু করা হলো মসজিদে নববিতে

ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র চালু করা হলো মসজিদে নববিতে

ছবিঃ সংগৃহীত।

মসজিদে নববিতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের ধর্মীয় সেবা আরও সহজ, আধুনিক ও মানসম্মত করতে ভ্রাম্যমাণ ধর্মীয় সেবাকেন্দ্র চালু করেছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি।

নতুন এই সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির ধর্মবিষয়ক সভাপতি শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাঠপর্যায়ে ধর্মীয় সেবার পরিধি বাড়ানো, মুসল্লি ও দর্শনার্থীদের কাছে দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়া এবং তাদের প্রয়োজনের কার্যকর সমাধান নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শায়খ সুদাইস বলেন, ধর্মীয় সেবার আধুনিকায়ন এবং মসজিদে নববিতে আগত আল্লাহর মেহমানদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে দর্শনার্থীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং হেদায়েত, সহনশীলতা ও মধ্যপন্থার ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে প্রেসিডেন্সি সমন্বিত সেবাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

ভ্রাম্যমাণ এই সেবাকেন্দ্রের মাধ্যমে দর্শনার্থীরা শরিয়াহ-সংক্রান্ত প্রশ্নের উত্তর, ধর্মীয় পরামর্শ, ইসলামি দিকনির্দেশনা, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন ভাষায় শিক্ষামূলক বই-পুস্তিকা ও তথ্যসামগ্রী পাবেন।

বহুজাতিক মুসল্লিদের কথা বিবেচনায় রেখে কেন্দ্রটি বহুভাষিক সেবা প্রদানের উপযোগী করে পরিচালনা করা হবে, যাতে বিভিন্ন দেশের দর্শনার্থীরা সহজেই প্রয়োজনীয় ধর্মীয় সহায়তা গ্রহণ করতে পারেন।

ধর্মবিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, আল্লাহর মেহমানদের সেবার মান উন্নয়ন, ধর্মীয় অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং মসজিদে নববির সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে হজ ও উমরাহ পালনকারী এবং মসজিদে নববির দর্শনার্থীদের জন্য আরও সহজলভ্য, আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।