মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মানিক হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিকী ছবি

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের সাবেক নেতা মঞ্জুরুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর দর্শনা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান।সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, “মানিক হত্যা মামলার এজাহারে মঞ্জুরুল ইসলামের নাম ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মঞ্জুরুল ইসলাম নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।

তিনি তাজহাট থানাধীন দুর্গাপুর এলাকার মোবারক আলীর ছেলে। মানিক মিয়া হত্যা মামলায় তিনি ৫৩ নম্বর আসামি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুর নগরীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অটোচালক মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

মানিক মিয়ার বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, “আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক ছিল। এখন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা চাই মামলার সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ ভ্যুত্থানের সময় গত বছর ১৮ জুলাই রংপুর মহানগরীর মডার্ন মোড়ে গুলিতে নিহত অটোচালক মানিক নিহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক দুই মন্ত্রী, তিন সাবেক এমপি, ৭ পুলিশ কর্মকর্তা, ৩ কাউন্সিলর জেলা ও মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ ১১৯ জনের নামে হত্যা মামলা করেছেন তার মা নুরজাহান বেগম।