আদমদীঘির সান্তাহারে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

আদমদীঘির সান্তাহারে নেশার টাকা না পেয়ে আত্মহত্যা

প্রতিকী ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেশার টাকার জন্য পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে জাহাঙ্গীর আলম (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মৃত জাহাঙ্গীর উপজেলার নসরতপুর ধনতলা গ্রামের মৃত হাকিম প্রামাণিকের ছেলে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার ফাঁড়ি পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের তিয়রপাড়া এলকায় একটি বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করতেন জাহাঙ্গীর আলম।

সম্প্রতি নেশার টাকার জন্য পারিবারের সদস্যদের সঙ্গে জাহাঙ্গীর আলমের কলহ সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার বেলা ১২টার দিকে ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মানিক হোসেন জানান, শুক্রবার সকালে তিনি নানার বাড়িতে এবং মা তার বোনের বাড়িতে ছিলেন। ফাঁকা বাসায় তার বাবা আত্মহত্যা করেছেন।

তার মা দুপুরে ওই বাসায় ফিরে দরজা বন্ধ পেয়ে বহুবার ডাকাডাকি করে না খোলায় জানালায় গিয়ে দেখতে পান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।