বরিশালে কাস্টমসের অভিযানে অবৈধ সিগারেট জব্দ

বরিশালে কাস্টমসের অভিযানে অবৈধ সিগারেট জব্দ

ছবি: প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলার দরবেশগেট, উত্তরপাড়া ও গুঠিয়া এলায়কায় অভিযান ও তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া উপজেলার পলো সিগারেট ব্রান্ডের ডিলার ও কিংস সিগারেটের ডিলারে গুদামে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামি দেশি ও বিদেশি সিগারেট বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া উপজেলার পলো সিগারেট ব্রান্ডের ডিলার ও কিংস সিগারেটের ডিলারে গুদামে অভিযান ও তল্লাশি চালানো হয়।

অভিযানকালে কিংস সিগারেট এর ডিলারের গুদাম ও পার্শ্ববর্তী শুভাশিষ এর বসত বাড়ি থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ ইন্দো ব্লাক সিগারেট ও ফিউচার কিংস সিগারেট জব্দ করা হয়। সর্বমোট ১২,০০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৮০ হাজার টাকা। সরকারি রাজস্বের পরিমান ৬৭ হাজার টাকা।

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।