ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন প্রিয়া

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন প্রিয়া

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন ২৩ বছর বয়সী মোকসেদা আক্তার প্রিয়া। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে ৬ নবজাতকের জন্ম দেন তিনি।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা। তার স্বামী মো. হানিফ কাতার প্রবাসী। গর্ভধারণের ২৭ সপ্তাহে স্থানীয় চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করানো হলে জানা যায়, প্রিয়ার গর্ভে পাঁচের বেশি সন্তান রয়েছে।

৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বড় বোন লিপির বাসায় আসেন এবং মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। শেষ পর্যন্ত রোববার(১৪ সেপ্টেম্বর) সকালে ঢামেকে নিয়ে আসা হয় এবং তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে ৬ সন্তানের জন্ম দেন।

নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও তিনটি মেয়ে। তাদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে রাখা হয়েছে। বাকি ৩ জনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে স্থান না থাকায় স্থানান্তর করা হয়েছে। শিশুদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে।  

ঢামেক নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, ২ নবজাতকের অবস্থা আশঙ্কাজনক। বেড খালি হলে অন্য ৩ শিশুকে ঢামেকের এনআইসিইউতে নেওয়া হবে।