পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩
প্রতিকী ছবি
হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় শামীমা আক্তার (৪৫) ও তার চার বছরের ছেলে তৌকির আহমেদের মৃত্যু হয়। মৃতা বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।
পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
এর আগে সকাল ৬টার দিকে বাহুবল উপজেলা হাফিজপুর এলাকায় শ্যামলী পরিহণের একটি বাসের সঙ্গে মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানচালক কাফরুল মিয়া মারা যান।
এ ঘটনায় কাভার্ড ভ্যানটি দুমড়েমুচরে যায় এবং বাসটি খাদে পড়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনায় নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।