তৌসিফ-সাদিয়ার ‘অপ্রেমিক’

তৌসিফ-সাদিয়ার ‘অপ্রেমিক’

ছবি: সংগৃহীত

যে পুরুষ প্রেম করে তাকেই সহজ ভাষায় প্রেমিক বলে। কিন্তু অপ্রেমিক কে? সেটার উত্তর মিলবে সোহেল রাজের ‘অপ্রেমিক’ নাটকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেলে আসছে তৌসিফ-সাদিয়া জুটির ‘অপ্রেমিক’।   

এ নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। সঙ্গে আছেন শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী, ফারুক আরাফাত ও সাজ্জাদ হোসেন। 

নির্মাতা সোহেল রাজ বলেন, “অপ্রেমিক’ আমার কাছে কেবলই এক প্রেমের গল্প নয়। এটি দুইজন মানুষ অর্থাৎ প্রিতম ও আভার ভেতরের লড়াইয়ের গল্প। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনও তা হয়ে ওঠে ত্যাগেরও নাম। আমাদের সমাজে এখনও প্রেমকে মাপা হয় সামাজিক অবস্থান, অর্থনৈতিক নিরাপত্তা আর পরিবারের সিদ্ধান্ত দিয়ে। অথচ ভালোবাসা একেবারেই ব্যক্তিগত, নিঃশব্দ ও গভীর এক অনুভূতি। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এ গল্পে। আমি বিশ্বাস করি, ‘অপ্রেমিক’ দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নেবে। কারণ এটি আমাদের চারপাশেরই গল্প।”

নাটকটিতে রয়েছে ‘তোমার মতো কেউ নেই’ শিরোনামের একটি গান। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গেয়েছেন সুস্মিতা আনিস ও রেহান রাসুল।