শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ভেল্লালাগের বাবা মারা গেছেন
সংগ্রহীত ছবি
শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
দুনিথ বর্তমানে এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করতে দুবাই অবস্থান করছেন। গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে বাবার মৃত্যুর সংবাদ শুনতে হলো তাকে।
খবরটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম নিউজওয়ার।
৫৪ বছর বয়সী সুরাঙ্গা নিজেও একজন ক্রিকেটার ছিলেন।
এদিকে, গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মহীশ তিকসানাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় ভেল্লালেগেকে। যদিও খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে সব ওলটপালট হয়ে যায়।
ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩১ রান তুলে নেন, সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান।
১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুশল মেন্ডিসের ৫২ বলে ১০ চারে অপরাজিত ৭৪ রানে ৮ বল হাতে রেখে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে ৬ উইকেটে। শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশও।