২৫ বছর পর ঘরে ফিরলেন মরিনিয়ো
ছবি: সংগৃহীত
পর্তুগালের ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করা হোসে মরিনহো এবার যেন ঘরে ফিরলেন। সেটিও দুই যূগ পর। বৃহস্পতিবার বেনফিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ২১ বছর আগে পোর্তো ছেড়ে যাওয়া মরিনিয়ো আবারও নিজ দেশে কোচিং শুরু করছেন।
৬২ বছর বয়সী এই কিংবদন্তি কোচ এর আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডসহ ইউরোপের বড় ক্লাবগুলোতে দায়িত্ব পালন করেছেন। তবে গত আগস্টে চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে বেনফিকার কাছে হেরে ফেনারবাচের কোচের চাকরি হারান তিনি।
বেনফিকা জানিয়েছে, মরিনহো ২০২৬/২৭ মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন। তবে চলতি মৌসুম শেষে দুই পক্ষের যে কেউ চাইলে চুক্তি ভাঙতে পারবে। মঙ্গলবার আজারবাইজানের ছোট ক্লাব কারাবাখের কাছে চ্যাম্পিয়নস লিগে হারের পর কোচ ব্রুনো লাগেকে বিদায় জানিয়েছিল বেনফিকা। ফিরে এসে মরিনিয়োর সামনে তাত্ক্ষণিক বড় চ্যালেঞ্জ। পুরনো দল চেলসির মুখোমুখি হওয়া ৩০ সেপ্টেম্বর চ্যাম্পিয়নস লিগে, আর ৫ অক্টোবর প্রিমেইরা লিগায় তার প্রাক্তন দল পোর্তোর বিপক্ষে মাঠে নামবে বেনফিকা।
সংবাদ সম্মেলনে বেনফিকা প্রেসিডেন্ট রুই কস্তার পাশে বসে মরিনিয়ো বলেন, “আমি জীবনের ভিন্ন পর্যায়ে এসে বেনফিকায় ফিরেছি। আগের চেয়ে বেশি নিঃস্বার্থ হয়েছি, এখন নিজের কথা কম ভাবি। অন্যদের জন্য কতটা ভালো করতে পারি সেটাই মুখ্য। এখানে আমার চেয়ে বেনফিকাই বেশি গুরুত্বপূর্ণ।”
২০০০ সালে বেনফিকায় মাত্র ১১ ম্যাচ কোচিং করার পর তিনি চলে গিয়েছিলেন উনিয়াও দে লেইরিয়ায়, সেখান থেকে পোর্তোতে যোগ দেন। পরপর দুই মৌসুমে লিগ শিরোপা জেতান এবং ২০০৪ সালে জেতান চ্যাম্পিয়নস লিগ। সেখান থেকেই শুরু হয় তার কিংবদন্তি যাত্রা। চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ হয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সিঘ আরও কত ক্লাব।
তবে ২০১৬ সালের পর ভাগ্য বদলাতে শুরু করে। এরপর ছোট পরিসরের দায়িত্ব নেন টটেনহ্যাম, রোমা ও ফেনারবাচেতে। নিজের ক্যারিয়ারকে দুই ভাগে দেখেন মরিনিয়ো। একটি সাফল্যে ভরা, আরেকটি অপেক্ষাকৃত কম সুখকর। “শেষ পাঁচ বছরে আমি দুইটা ইউরোপিয়ান ফাইনালে খেলেছি। কেউ এটাকে ব্যর্থতা মনে করতে পারে, কিন্তু আমার জন্য সেটাই বাস্তবতা,” বলেন মরিনহো।
চেলসির হয়ে তিনবার প্রিমিয়ার লিগ, ইন্টারের হয়ে ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগাসহ বহু ট্রফি জিতেছেন তিনি। তবে ২০১৭ সালে ম্যানইউর হয়ে ইউরোপা লিগ জেতার পর তার একমাত্র শিরোপা ছিল রোমার হয়ে ২০২২ সালের কনফারেন্স লিগ।
শনিবার লিগ ম্যাচে এভিএসের বিপক্ষে মাঠে নামবে মরিনিয়োর বেনফিকা। ২৫ বছর পর আবারও বেনফিকার দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত এই পর্তুগিজ কোচ বলেন, “আমি বিশ্বের সেরা ক্লাবগুলোতে কাজ করার সুযোগ পেয়েছি। তবে বেনফিকার কোচ হিসেবে আমার গর্ব, দায়িত্ববোধ ও প্রেরণা সবচেয়ে বেশি। আমার প্রতিশ্রুতি স্পষ্ট—আমি বেনফিকার জন্য বাঁচব।”