লক্ষ্মীপুরের কমলনগরে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি : বসুন্ধরা শুভসংঘ

লক্ষ্মীপুরের কমলনগরে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি : বসুন্ধরা শুভসংঘ

সংগ্রহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে বসুন্ধরা শুভসংঘ কমলনগর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা হয়। 

কমলনগর শুভসংঘের সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের রামগতি-কমলনগর উপজেলা প্রতিনিধি আমানত উল্যার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও চরবসু মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক, ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মাস্টার আব্দুশ শহিদ, হাজিরহাট উপকুল সরকারি কলেজের প্রভাষক বেলাল হোসেন জুয়েল, কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহ, শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, মাস্টার আল আমিন, জহির উদ্দীন, শাহাদাত সুমন প্রমুখ। 

বক্তারা বলেন, সর্বগ্রাসী মরণ নেশা মাদক।

এ নেশার কারণে মারাত্মকভাবে আক্রান্ত  হচ্ছে দেশের লাখ লাখ মানুষ, বিশেষ করে ছাত্র ও যুব সমাজ সবচেয়ে বেশি আক্রান্ত। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপৎগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে, যুব সমাজকে রক্ষা করতে হবে, ছাত্র সমাজকে রক্ষা করতে হবে। 

বক্তারা বলেন,জীবন একটাই।

আর সুন্দরভাবে বাঁচার নামই জীবন। কিন্তু মাদক মানুষের জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি জীবনের অধ্যায়। তাই মাদক যে একটি জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য, এটি নতুন প্রজন্মকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এক যোগে কাজ করতে হবে।

আরেকটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং প্রশাসন হচ্ছে দেশ পরিচালনার হাতিয়ার। এই দুইটি পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে হবে।

আলোচনা সভায় বসুন্ধরা শুভ সংঘের কার্যক্রমকে আগামী দিনে আরো গতিশীল করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনা সভা শেষে পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘ কমলনগর উপজেলা সভাপতি এম এ মজিদ ও উপদেষ্টা মিজানুর রহমান মানিক বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণসহ আর্থ সামাজিক উন্নয়নে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। 

তারা আরো বলেন, এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে গাছের প্রতি ভালোবাসা তৈরি হবে। 

এসময় নদী ভাঙা উপকূলীয় অঞ্চল কমলনগর উপজেলার শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা ও গরীব অসহায় নারীদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।