রুহুল কুদ্দুস খান ইউনিলিভার বাংলাদেশের নতুন এমডি
সংগ্রহীত ছবি
নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী বহুজাতিক কম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন রুহুল কুদ্দুস খান। তিনি আগামী ১ নভেম্বর নতুন এই দায়িত্ব গ্রহণ করবেন। কম্পানিটি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দায়িত্ব গ্রহণের পর রুহুল কুদ্দুস খান ইউনিলিভার বাংলাদেশের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রামের (ইউএফএলপি) আওতায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। কর্মজীবনের ২৯ বছরের বেশি সময় তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। টেকসই উন্নয়নে ইউনিলিভারের বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নেট জিরো অর্জনে ইউনিলিভার বাংলাদেশের অগ্রযাত্রায় রুহুল কুদ্দুস খানের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।