সেনা অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় কুখ্যাত মাদক কারবারি মুক্তারকে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিমপুর আর্মি ক্যাম্পের ৪৬ ব্রিগেডের (অজেয় চার) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
সেনা সূত্র জানায়, হুজুরপাড়া এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহভাজন কয়েকজনকে দেখে চেকিং শুরু করে সেনা সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে মুক্তারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে মুক্তারের স্বীকারোক্তির ভিত্তিতে কেরানীগঞ্জের জিনজিরা ঘাট এলাকায় তার নিজ বাসায় তল্লাশি চালিয়ে আরও ১,৩৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— ১টি রিভলভার (পিস্তল), ২ বক্স ককটেল তৈরির রাসায়নিক ও প্রস্তুত ককটেল, পুলিশের ৫ সেট পোশাক, ১টি পুলিশের রোড মার্কার এবং ২টি মোবাইল ফোন।
সেনা সূত্র আরও জানায়, মুক্তার দীর্ঘদিন ধরে হুজুরপাড়া এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছিল। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরে গ্রেফতারকৃত মুক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘গতকাল রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে মুক্তার নামে একজনকে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন সরঞ্জামাদি সহ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’