গাইবান্ধায় ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ফাইল ছবি।
গাইবান্ধার সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মন্ডল (৪৫) ও মতিয়ার রহমান (৫২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার জুয়েল মন্ডল উপজেলার চন্দনপাট এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ও মতিয়ার রহমান একই উপজেলার রাঘবপুর এলাকার মৃত মনসুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশ জানতে পারে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট এলাকার জুয়েল মন্ডলের বসতবাড়ির ভিতরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
এমন খবরে সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বসতবাড়ি থেকে জুয়েল মন্ডল ও মতিয়ার রহমানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জুয়েল মন্ডলের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মতিয়ার রহমানের কাছ থেকে মাদক ক্রয়ের তিন হাজার টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জব্দকৃত ওইসব মাদকদ্রব্যের বাজার মূল্য ১২ হাজার টাকা।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে তারা পরস্পরের যোগসাজশে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য ও টাকা নিজ হেফাজতে রেখেছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানান তিনি।