এবার বিনামূল্যে স্কুটি পাচ্ছেন পাকিস্তানের সিন্ধুর নারীরা
বিনামূল্যে স্কুটি পাচ্ছেন পাকিস্তানের সিন্ধুর নারীরা। ফাইল ছবি।
পাকিস্তানের সিন্ধু সরকার চলতি সপ্তাহেই নারীদের জন্য বিনামূল্যে বিদ্যুৎচালিত ‘পিঙ্ক স্কুটি’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সাশ্রয়ী যাতায়াতের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিন্ধুর পরিবহনমন্ত্রী শারজিল ইনাম মেমন-এর সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে পরিবহন সচিব, সিন্ধ ম্যাস ট্রানজিট অথরিটির ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী মেমন জানান, ‘পিঙ্ক স্কুটি প্রকল্প’-এর আওতায় নারীদের এবং ছাত্রীদের বিনামূল্যে বৈদ্যুতিক স্কুটি সরবরাহ করা হবে।
তিনি বলেন, এই প্রকল্প নারীদের যাতায়াতে সময় ও ব্যয় সাশ্রয় করবে এবং তাদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবহণ ব্যবস্থা নিশ্চিত করবে।
মন্ত্রী আরও জানান, আবেদন করা নারীদের তথ্য ও নথি এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে সিন্ধু ম্যাস ট্রানজিট অথরিটির মাধ্যমে। আবেদন যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে স্কুটি বরাদ্দ দেওয়া হবে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, প্রাদেশিক সরকার এমন একটি সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া প্রণয়ন করেছে, যার মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক নারী এই সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি ছাত্রী ও কর্মজীবী নারীদের এ সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
সিন্ধু সরকারের এই পদক্ষেপ নারীদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।