সেনাপ্রধানের প্রতি যে আহ্বান সোহেল রানার
ছবি: সংগৃহীত
অভিনয় থেকে অবসর নিয়েছেন নন্দিত অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এবার তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি রাখলেন এক আহ্বান।
নিজের ফেসবুকে সোহেল রানা বলেন, ‘জেনারেল ওয়াকার-উজ-জামান স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি যে সম্মানসূচক কথাগুলো বলেছেন সে কারণে জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা জীবিত আছি তারা সবাই অত্যন্ত আনন্দিত।’
এরপর লেখেন, ‘মূল্যহীন মুক্তিযোদ্ধা কার্ড এটাকে এবার আপনি একটা স্ট্যাটাস দিয়ে যান এই কার্ডগুলোকে ভিআপি কার্ড বলে ডিক্লেয়ার করার ব্যবস্থা করুন এবং সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করুন যে এই কার্ডের সুবিধা কার্ড হোল্ডার ব্যতীত আর কেউ ইনহেরিট করতে পারবে না। আমার বিশ্বাস, ২০ থেকে ২৫ বছরের মধ্যে এই কার্ড আর কেউ চাইবে না কারণ জীবিত কোনো মুক্তিযোদ্ধা তখন আর বেঁচে থাকবেন না। ধন্যবাদ আপনাকে আবার।’
এর আগে মুক্তিযোদ্ধাদের কার্ড নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সোহেল রানা। লিখেছিলেন, ‘কী হবে এই মুক্তিযোদ্ধা কার্ড দিয়ে আর এই কার্ডের কাজ কী? যার কোনো মূল্যই নেই এ দেশে। বিগত সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত এক্সট্রা কোনো সুবিধা পাওয়া যায় না এই কার্ডে; না ভিআইপি, না সিআইপি। যেখানেই যাবেন সাধারণ মানুষের মতো করেই আপনাকে চলতে হবে। আমি আমার কার্ড বাসায় ফেলে রেখেছি। ওটা কোনো কাজের না। যা করেছি আমি নিজ দেশের জন্য করেছি, এটাই সান্ত্বনা।’