কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

সংগ্রহীত ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধ দোকানপাট, ঝুপড়িসহ সব স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই সঙ্গে জেলা প্রশাসন কর্তৃক সৈকতে ব্যবসা করতে দেওয়া সব লাইসেন্স বাতিলেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে স্থাপিত দোকান সৈকতের জীববৈচিত্র্য সংরক্ষণের হুমকিস্বরূপ।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতা বলে, সরকার দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, মানোন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত সৈকতকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করেছে।

এ কারণে সৈকতে পরিবেশদূষণ হয় এমন যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তদুপরি এখানে কোনো স্থাপনা করার পূর্বশর্ত অনুযায়ী পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি দরকার হলেও জেলা প্রশাসনের দেওয়া লাইসেন্সে কোনো অনুমতি নেওয়া হয়নি। এ কারণে অবিলম্বে দোকানপাটের দেওয়া লাইসেন্স বাতিলসহ এসব উচ্ছেদ করতে নির্দেশনা দেওয়া হচ্ছে।