ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জবিতে বর্ণাঢ্য আয়োজন
ছবি: সংগৃহীত
বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের অবদান এবং জনসচেতনতা তৈরি করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নানা আয়োজনে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে ২০২৫ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ফার্মেসি বিভাগের শ্রেণীকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ‘Think Health, Think Pharmacist’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ভালো ক্যারিয়ার ও সফলতা অর্জনের জন্য স্ট্রাগলের পাশাপাশি দক্ষতা ও যোগ্যতা অর্জন অপরিহার্য। বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু মানুষের সঙ্গে নয়,বরং প্রযুক্তির সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে। তবে প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণাধীন, তাই দক্ষ মানবসম্পদের গুরুত্ব কখনোই কমবে না। কর্মক্ষেত্রে সফল হতে হলে নিজেদের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করতে হবে।
তিনি আরও বলেন , সীমিত অবকাঠামোগত সুবিধা নিয়েও শিক্ষার্থীরা তাদের নিজস্ব সক্ষমতার মাধ্যমে সফল হচ্ছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা সকল ধরনের প্রতিকূলতা অতিক্রম করে নিজেদের, পরিবার ও দেশের জন্য সফল ফার্মাসিস্ট হিসেবে গড়ে উঠবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আ. সামাদ মৃধা এবং রোশ বাংলাদেশ লিমিটেডের হেড অব ইন্ট্রেগ্রেটেড স্ট্র্যাটেজি মো. ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান।
উল্লেখ্য,২০১০ সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসা এই দিবসটি ফার্মেসি পেশাজীবীদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।