সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
সংগৃহীত
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন - সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও অটোরিকশা চালক সজল ঘোষ (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সিলেটের উদ্দেশে যাচ্ছিল। এ সময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
তখন ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা এক নারী ও চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ জানান, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। পিকআপের চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। নিহতদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।