হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম

হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম

সংগৃহীত ছবি

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৬০ টাকায় এবং ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজি প্রতি ২০ টাকা কমে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়াও আদা কেজি প্রতি ২০ টাকা কমে ১০০ টাকা, রসুন কেজি প্রতি ৩০ টাকা কমে ৮০ থেকে ১০০ টাকা, শুকনো মরিচ কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা কমে ১৮০ থেকে ২০০ টাকা এবং পাকিস্তানি মুরগি কেজি প্রতি ১০ টাকা কমে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা সংকটের কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরলেও বাজার ব্যবস্থা নিয়ে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা গেছে। 

শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

হিলির পেঁয়াজ ব্যবসায়ী শাকিল মাহমুদ বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ প্রচুর রয়েছে। মোকামে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা পেঁয়াজের দাম কমেছে। আমরা বর্তমানে খরচ সহ প্রতি কেজি পেঁয়াজ কিনছি ৫৮ থেকে ৫৯ টাকায়। কেজি প্রতি ১ টাকা লাভে খুচরা বাজারে বিক্রি করছি। কম দামে পেঁয়াজ বিক্রি করলেও আগের মত খুচরা বাজারে বিক্রি হচ্ছে না। আগের থেকে ক্রেতা অনেক কম। আমরা কমা দামে কিনে কম দামে বিক্রি করছি। 

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে প্রচুর পরিমান কাঁচামরিচ আমদানি হচ্ছে। এতে করে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। তিন দিন আগেও কাঁচামরিচ কেজি প্রতি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে আরো দাম কমে আসবে বলেও জানান তিনি। 

হিলি কাস্টমসের তথ্যমতে, গত তিনদিনে ভারতীয় ৬২ ট্রাকে ৪৬২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।