ধাওয়া করে চুরি করা চালসহ পিকআপ ভ্যান ধরল পুলিশ
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকার তনুরত্ন দোকান থেকে পিকআপ ভ্যানে চাল চুরি করে যাওয়ার পথে ধাওয়া করে চালসহ একটি ট্রাক আটক করে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
রাতে টহলরত পুলিশের সদস্যরা তনুরত্ন দোকানের সামনে একটি পিকআপভ্যানে চাল ওঠানো হচ্ছে দেখে সদর থানার ওসি এস এম আমানুল্লাহকে জানান। পরে ওসি মোটরসাইকেলযোগে সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালসহ পিকআপটি সিঙ্গাইরের দিকে পালিয়ে যায়।
পরে ওসি এস এম আমানুল্লাহ সিঙ্গাইর থানাসহ আশেপাশের ইউনিটকে জানান। ওসির নেতৃত্বে পুলিশের গাড়ি সিঙ্গাইরের দিকে রওনা করে। পিকআপভ্যানটি সিঙ্গাইর থানা পুলিশের ধাওয়া খেয়ে মানিকগঞ্জের দিকে আসতে থাকে। সদর থানা পুলিশ এটা বুঝতে পেরে পিকআপের পিছনে ধাওয়া করে মানিকগঞ্জের দিকে আসতে থাকে। এবং সদর থানা পুলিশের অন্য টিম জরিনা কলেজ মোড়ে ব্যারিকেড সৃষ্টি করে। সামনে পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ভ্যান রেখে চালক ও অন্যরা দ্রুত পালিয়ে যায়। আধা ঘণ্টা সময় ধরে এই অভিযান চলে বলে জানান ওসি এস এম আমানুল্লাহ।
পিকআপভ্যানে ২৫ কেজির ১৩৩ বস্তা চাল ছিল। জব্দকৃত পিকআপভ্যানের সূত্র ধরে চোর ধরার কাজ চলমান রয়েছে বলে জানান, ওসি এস এম আমানুল্লাহ।