ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আওয়ামী লীগের হামলার শিকার হয়ে গুরুতর আহত মো. দোলন ভূঁইয়ার সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের ভূলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. দোলন ভূঁইয়ার বাসায় যান।
এ সময় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহত মো. দোলন ভূঁইয়ার চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন ও তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
দোলনের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকব।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ উপস্থিত ছিলেন।