বরিশালের বিপক্ষে সিলেটের রুদ্ধশ্বাস জয়

বরিশালের বিপক্ষে সিলেটের রুদ্ধশ্বাস জয়

সংগৃহীত ছবি

মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমেও প্রায় হারতে বসেছিল সিলেট বিভাগ। তবে শেষ মুহূর্তে টেলএন্ডারদের দুর্দান্ত নৈপুণ্যে নাটকীয় জয় পেয়েছে জাকির হাসানের দল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএলের ম্যাচে বরিশালকে ২ উইকেটের ব্যবধানে হারায় সিলেট। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়েও ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে তারা।

১৮ ওভার শেষে সিলেটের স্কোর ছিল ১১২/৭। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩০ রান। তখন ক্রিজে ছিলেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। দুজনই ব্যাট হাতে নেমে দলকে জয়ের আশা দেখান। ১৯তম ওভারে রাজা ২টি চার ও খালেদ একটি ছক্কা হাঁকিয়ে তোলেন ২০ রান। শেষ ওভারে দরকার ছিল ১০ রান। রাজা প্রথম বলেই ছক্কা হাঁকান, এরপর সিঙ্গেল নিলে সমীকরণ নেমে আসে সহজ হয়ে। খালেদ আউট হলেও নতুন ব্যাটার মেহেদী হাসান নেমেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। অমিত হাসান (৩৯) ও আসাদুল্লাহ আল গালিব (২৪) দলের হাল ধরলেও মাঝপথে আউট হয়ে গেলে ফের শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত টেলএন্ডারদের ব্যাটে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় সিলেট।

বরিশালের হয়ে মেহেদী হাসান সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া রুয়েল মিয়া, সোহাগ গাজী ও তানভীর ইসলামের ঝুলিতে ছিল ১টি করে উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৪১ রান। ফজলে মাহমুদ রাব্বি ৪৪ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে করেন ৬০ রান। মোহাম্মদ সালমান ইমন ২১ বলে ৩৫ রান করেন। তবে অন্য কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।

সিলেটের হয়ে এবাদত হোসেন ৩ উইকেট নেন। গালিব, খালেদ, রাজা ও রাহাতুল ফেরদৌস জাভেদ পান ১টি করে উইকেট।