শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ৪ নেতাকর্মী

শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ৪ নেতাকর্মী

ছবি : প্রতীকি

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করা হয়। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকদেরকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক চারজনের নাম হাসান মোল্যা (৩২), সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩), ইব্রাহিম মিয়া (২৩) ও সাগর মৃধা (২৫) বলে জানা গেছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী হাসান মোল্যা, ইব্রাহিম মিয়া, সাফায়েতুল ইসলাম ওরফে আরমান ও সাগর মৃধাকে আটক করে। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আরও জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।