টিস্যু সিল্ক শাড়ির যত্ন নেবেন যেভাবে
ছবি: সংগৃহীত
শাড়ি ছাড়া নারীদের কল্পনা করা যায় না। উৎসব, বিশেষ উপলক্ষ কিংবা বিশেষ দিন— বাঙালি নারীদের অধিকাংশই শাড়িতে নিজেকে সাজাতে ভালোবাসেন। বেনারসি, সিল্ক, তাঁত, জামদানি, কাতান শাড়ির প্রকারেরও শেষ নেই। বর্তমানে ট্রেন্ড চলছে টিস্যু সিল্ক শাড়ির। হালকা ওজনের উজ্জ্বল এ শাড়ি দেখতে যেমন সুন্দর, পরতেও আরাম।
টিস্যু সিল্ক শাড়ির যে চমক বা জেল্লা, তা সহজে অন্য শাড়িতে মেলে না। আর এর দামও মধ্যবিত্তের হাতের একদম নাগালে। বিশেষ দিনে পরার জন্য টিস্যু সিল্ক শাড়ি তো কিনেছেন। কিন্তু এর যত্ন না নিলেই মুশকিল। অন্যান্য শাড়ির চেয়ে এই শাড়ি আলাদা। কীভাবে টিস্যু সিল্ক শাড়ির যত্ন নেবেন চলুন জেনে নেওয়া যাক-
টিস্যু সিল্ক শাড়ি আলমারিতে ঝুলিয়ে রাখা যাবে না। এতে শাড়ি নষ্ট হয়ে যাবে। এমনকী ভাঁজ করেও রাখা যাবে না। আসলে টিস্যু সিল্ক শাড়ি খুব নরম হয় এবং তাড়াতাড়ি শাড়িতে ভাঁজ পড়ে। সবচেয়ে ভালো হয় যদি রোল করে এই শাড়ি রাখেন।
টিস্যু সিল্ক শাড়িতে খুব দ্রুত ভাঁজ পড়ে। তাই একই অবস্থায় দীর্ঘদিন এই শাড়ি রাখা যায় না। কিছুদিনের ব্যবধানে শাড়ির ভাঁজ পাল্টে দিতে হয়। যদি আলমারির তাকে শাড়ি ভাঁজ করে রাখেন, তাহলে নিয়মিত সেই ভাঁজ বদলে ফেলুন।
যেহেতু এই শাড়িতে দ্রুত ভাঁজ পড়ে, তাই টিস্যু সিল্ক পরার আগে আয়রন করে নিন। কিন্তু ড্রাই আয়রন করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। টিস্যু সিল্ক শাড়ি সবসময় স্টিম আয়রন করবেন। শুধু তা-ই নয়, শাড়ির ওপর আরেকটি সুতির পাতলা শাড়ি দিয়ে এরপর ইস্ত্রি করুন। সরাসরি টিস্যু সিল্ক শাড়ি ইস্ত্রি করবেন না। পাশাপাশি ইস্ত্রি যেন খুব গরম না হয়, সে দিকেও খেয়াল রাখা জরুরি।
টিস্যু সিল্ক শাড়ি দোকানে ড্রাই ওয়াশ করতে দেওয়াই সবচেয়ে ভালো। এতে ফেব্রিক নষ্ট হয় না এবং শাড়ির জেল্লা অটুট থাকে। চাইলে বাড়িতেও টিস্যু সিল্ক শাড়ি ধোয়া যায়। কিন্তু কিছু নিয়ম মানা জরুরি। যেমন ঠান্ডা পানিতে এই শাড়ি ধুতে হবে। বেবি শ্যাম্পু বা হালকা ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। ঘষাঘষি বা নিংড়ানো যাবে না। কড়া রোদে শাড়ি শুকাতে দেওয়া যাবে না।