রান্নায় হলুদ বেশি হলে করণীয়
ছবি: সংগৃহীত
রান্না করতে গিয়ে টুকটাক ভুল হওয়া বেশ স্বাভাবিক বিষয়। কখনো তরকারিতে লবণ বেশি হয়ে যায় আবার কখনো তেল। কখনো ঝাল বেশি হয়ে যায় আবার কখনো হলুদ। রান্নায় মসলার পরিমাণ ঠিকঠাক হওয়া জরুরি। কারণ এই পরিমাণ একটু এদিক ওদিক হলেই রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। বিশেষ করে রান্নায় হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে, তিতকুটে স্বাদ হয়ে যায়।
তরকারিতে কি ভুলে অতিরিক্ত হলুদ দিয়ে ফেলেছেন? কীভাবে এই খাবারের স্বাদ ফেরাবেন জানুন তার কায়দা-
তেজপাতা
রান্নায় বেশি হলুদ পড়ে গেলে বাড়িতে থাকা তেজপাতা ম্যাজিকের মতো কাজ করবে। কীভাবে ব্যবহার করবেন? রান্নায় দুই-চারটি তেজপাতা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। এরপর তেজপাতাগুলো উঠিয়ে ফেলুন। রান্নার অতিরিক্ত হলুদের স্বাদ দ্রুতই কমে যাবে।
নারকেল
অতিরিক্ত হলুদের তিতকুটে ভাব দূর করতে কাজে লাগাতে পারেন নারকেলের দুধ। এর একটি নিজস্ব মিষ্টি স্বাদ আছে। আর এই স্বাদই হলুদের গন্ধ কমিয়ে দেবে। নারকেল দুধ না থাকলে নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারেন। এতে হলুদের কাঁচাভাব আর গন্ধ চলে যাবে।
আদা, রসুন টমেটো আর পেঁয়াজের পেস্ট
একটি পাত্রে কিছুটা আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ ছোট করে কেটে নিন। এবার অল্প তেলে ভাজুন। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ নরম হয়ে গেলে সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই পেস্ট ভালো করে রান্নায় মেশান। তবে এই পেস্ট দিতে হবে স্বল্প পরিমাণ। নয়তো স্বাদ বিদঘুটে হয়ে যাবে।