সীতাকুণ্ডে স্কুল শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
প্রতিকি ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন মোঃ জিহাদ নামের এক স্কুল শিক্ষার্থী। তিনি ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
বুধবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই জিহাদ তার চাচার ব্যাটারি চালিত অটোরিক্সা গ্যারেজে পার্কিং করতে যান। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে অটোরিক্সাটি নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা উপজেলা মাদামবিবির হাটে অটোরিক্সাটি বিক্রি করতে গেলে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গাড়িটি উদ্ধার করে।
আটককৃতরা স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ও নিহতের স্বজনরা সকালে বাড়ির পাশে থাকা ডোবা থেকে জিহাদের গলা কাটা লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানিয়েছেন, ছিনতাইকারীদের মধ্যে ছিলেন মোঃ মানিক ওরফে মানিক মাস্টার, তার মেয়ের জামাই রাজিব ও ছেলে মহিউদ্দিন। এছাড়া অপর একজনের নাম বাপ্পি। তারা সবাই সন্দ্বীপ উপজেলার কান্তিরহাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সীতাকুণ্ডে বসবাস করছেন।
রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে সীতাকুণ্ড পৌরসভার কসাইখানা নামক স্থানে এ ঘটনা ঘটে। বুধবার (১ অক্টোবর) সকালে রক্তমাখা অটোরিক্সা বিক্রি করতে গিয়ে ধরা পড়ে দুই ছিনতাইকারী। তাদের দেওয়া তথ্যে লাশ উদ্ধার করা হয়। নিহত জিহাদ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড, পশ্চিম সোনাইছড়ি এলাকার বাসিন্দা দিদারুল আলমের ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, সকালে একটি মরদেহ উদ্ধার হয়েছে। মরদেহের শরীরের বিভিন্ন অংশে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।