ইসরায়েলকে নিষিদ্ধের বিষয়ে ভোট পিছিয়ে দিল উয়েফা
ছবি: সংগৃহীত
গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শান্তি উদ্যোগের সুযোগ দিতে ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে ভোট স্থগিত করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার সহসভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি।
লন্ডনে একটি ক্রীড়া সম্মেলনে মন্টাগলিয়ানি জানান, ফিফার কাউন্সিল সভার আলোচ্য সূচিতে ইসরায়েলের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেই। তবে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) থেকে দেওয়া নিষেধাজ্ঞার প্রস্তাব এখনো ফিফার দুটি কমিটিতে আলোচনার পর্যায়ে রয়েছে।
সম্প্রতি জাতিসংঘের কিছু বিশেষজ্ঞ ফিফা ও উয়েফাকে আহ্বান জানিয়েছিলেন, ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্য। এরপর ইউরোপের গণমাধ্যমগুলো জানিয়েছিল, উয়েফা একটি জরুরি সভা ডেকে ভোট আয়োজন করতে যাচ্ছে। তবে উয়েফা তখন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবার মন্টাগলিয়ানি বিষয়টি স্পষ্ট করে জানান, ভোট আপাতত স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, “উয়েফা সিদ্ধান্ত নিয়েছে তারা এখনই ভোট নেবে না এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার দিকে নজর রাখবে। যেহেতু ইসরায়েল উয়েফার সদস্য, তাই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র উয়েফার। তাদের প্রক্রিয়া ও অবস্থানকে আমি সম্মান করি।”
এর আগে ২০২৪ সালের মে মাসে ব্যাংককে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে পিএফএ আবারও ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাব তোলে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তখন ‘স্বাধীন আইনি বিশ্লেষণ’ করার নির্দেশ দেন, যা অক্টোবর মাসে জমা পড়ে ফিফার শৃঙ্খলা ও গভর্নেন্স কমিটির হাতে। তবে এরপর আর কোনো অগ্রগতি হয়নি।
ইতিমধ্যে ইসরায়েলি দল ও জাতীয় দলের ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে উয়েফার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বিশেষ করে জাতিসংঘের সাম্প্রতিক এক রিপোর্টে ইসরায়েলকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করার পর ফ্রান্স, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিফা ও উয়েফাকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে, যতদিন না ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আসা ক্লাবগুলোকে নিষিদ্ধ করছে, ততদিন ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ রাখতে হবে।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, “ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। ইতোমধ্যে ৮০০-র বেশি খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তা নিহত হয়েছেন। তা ছাড়া তারা পশ্চিম তীরেও অবৈধ দখলদারি বাড়াচ্ছে। এসব জেনেও ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন অবৈধ বসতির ক্লাবগুলোকে তাদের লিগে খেলার সুযোগ দিচ্ছে—যা খুবই লজ্জাজনক।”
এদিকে আগামী ১১ অক্টোবর নরওয়ের বিপক্ষে অসলোতে এবং ১৪ অক্টোবর ইতালির বিপক্ষে উদিনেতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ইসরায়েল। উয়েফা ইউরোর গ্রুপ আই-তে ইসরায়েল ও ইতালির পয়েন্ট এখন সমান ৯, নরওয়ের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে। গত মাসে হাঙ্গেরিতে অনুষ্ঠিত ম্যাচে ইতালি ৫-৪ গোলে ইসরায়েলকে হারিয়েছিল।