মিঠামইনে পুকুরে ডুবে ২ ভাই - বোনের মৃত্যু

মিঠামইনে পুকুরে ডুবে ২ ভাই - বোনের মৃত্যু

প্রতিকী ছবি

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপ‌জেলা মিঠামইনে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সা‌ড়ে ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রিফাত মিয়া (৪) ও তার ছোটবোন সাফা আক্তার (২)। তারা খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার সন্তান।

মিঠামইন থানা পু‌লিশ জানি‌য়ে‌ছে, এদিন সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে ছোট বোন সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।

তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখা‌নে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

মিঠামইন থানার এএসআই রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’