মাছের ঘেরে মিলল দিনমজুরের লাশ
প্রতিকী ছবি
খুলনায় মো. হামিদ শেখ (৫৭) নামে মাছের ঘেরে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল ব্যাংক কোয়ার্টার এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত হামিদ শেখ ওই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, সন্তানের অসুস্থতা, অস্বচ্ছলতা ও কর্মহীনতায় তিনি মানসিকভাবে বিপর্যন্ত ছিলেন।
এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে রায়ের মহল ব্যাংক কোয়ার্টার এলাকার বাসিন্দা হামিদ শেখ পাশের আব্দুল হান্নানের একটি মাছের ঘেরে ঘুমাতে যান। কিন্তু সকালে তিনি আসায় প্রতিবেশীরা সকাল ১০টার দিকে ঘেরের ঘরে ঝুলন্ত অবস্থায় হামিদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের প্রতিবেশী রুবেল হোসেন জানান, হামিদ শেখ পেশায় দিনমজুর। তিনি খুবই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। আর্থিক অনটন ও পারিবারিক অশান্তিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার বলেন, মৃত ব্যক্তি একজন দিনমজুর ছিলেন।
মাঝে মধ্যে কাজ পেলে করতেন। দীর্ঘদিন কাজ না পেয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।