নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ
সংগ্রহীত ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাল পেতে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর স্লুইস গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মালেক (৮০) উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, আব্দুল মালেক ছোটবেলা থেকে সাঁতার জানেন না।
শুক্রবার বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান। পরবর্তীতে জুমার নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
এরপরও আব্দুল মালেকের কোনো খোঁজ না পাওয়ায় তিনি জোয়ারের পানিতে ডুবে গেছেন ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২নং স্লুইস গেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোর রাতের দিকে আব্দুল মালেকের লাশ স্লুইস গেটে পাতানো জালে আটকা পড়ে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই পারিবারকে হস্তান্তর করা হয়েছে।