গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিন
ফাইল ছবি
গাজীপুরে আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হন। এ ঘটনার আধা ঘণ্টা পর শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় একটি মোটরসাইকেলে চালকসহ তিনজন যাচ্ছিলেন।
এ সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালকসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। এ ছাড়া ধান গবেষণা ইনস্টিটিউট এলাকাতেও একটি দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
মরদেহ মর্গে নেওয়া হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।