এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অচিরেই বাস্তবায়ন হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রনোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্ভুলভাবে পাঠ্যবই ছাপাতে এনসিটিবির সাথে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
এসএসসি পরীক্ষায় আগের মতো অতিরঞ্জিত নম্বর দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষায় অতিরঞ্জিত নম্বর দেওয়া বন্ধ হয়েছে। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুজান ভাইজ উপস্থিত ছিলেন।