ভারত চায় আ.লীগকে নিয়ে নির্বাচন হোক: রাশেদ খান
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
বর্তমান সরকারের অধীনে সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ভারত চায় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, অপ্রকাশ্য রাজনীতি বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে যাবে। সবাইকে প্রকাশ্যে রাজনীতি করতে হবে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের কথা নয়।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না এমন শর্ত দেওয়া ঠিক নয়। সনদের পুরোপুরি বাস্তবায়ন এ সরকারের পক্ষে সম্ভব নয়, আগামী সরকারকে বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে।
সংস্কারের নামে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে মন্তব্য করে রাশেদ খান বলেন, এই সরকার জনগণের ওপর দায় চাপাতে চায়। এই দায় জনগণের নয়, সরকারের।