বন্যায় ভাসছে ভারতের উত্তরবঙ্গ, বড় সিদ্ধান্ত রুক্মিণীর
ছবি: সংগৃহীত
ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তরবঙ্গ। নদী উপচে প্লাবিত হয়েছে রাস্তা ঘাট। যোগাযোগ ব্যবস্থাও হয়ে পড়েছে নাজুক। আটকা পড়েছে বহু পর্যটক। মানবেতর জীবন যাপন করছেন মানুষজন। এমন করুণ দশায় প্রাণ কেঁদেছে উঠেছে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নিলেন এক ব্যতিক্রম পদক্ষেপ।
মুক্তির অপেক্ষায় রুক্মিণীর সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। আগামীকাল ৬ অক্টোবর ছবিটির টিজার মুক্তির কথা। কিন্তু নিজের দেশের একাংশের মানুষজনকে এমন অসহায় অবস্থায় রেখে টিজার উদযাপনে মন সায় দেয়নি নায়িকার। তাই মুক্তি পিছিয়ে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়া হবে। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামী সময় জানিয়ে দেওয়া হবে।’
অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান অভিমানের গল্প নিয়ে ছবিটি। মেয়ের চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। আরও দেখা যাবে অঞ্জনা বসু,
তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রণয় দাশগুপ্ত, প্রিয়াঙ্কা পোদ্দার, অমিত কুমার দত্ত, দিব্যজ্যোতি রক্ষিত, মৌসুমী ছেত্রী, সুমিত সাহা, সৌরভ সমাদ্দার সহ আরও অনেককে।