ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়া, আটক ৩
প্রতিকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাত দলের তিন সদস্য আটক করে যৌথবাহিনীর কাছে তুলে দেয়।
সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বেজপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সোমবার রাত ৮টার দিকে ৮ থেকে ১০ জনের সশস্ত্র একদল ডাকাত বেজপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়।
তারা আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ঘর থেকে প্রায় ৬ লাখ টাকার স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় রিজিয়া বেগমের চিৎকারে আশপাশের লোকজন তার বাড়িতে আসে। তখন তারা ডাকাতদলের পিছু ধাওয়া করে শাহাবুর মণ্ডল, রানা হোসেন ও তুষার আহাম্মেদ সাকিবকে আটক করেন। অন্য ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ডাকাত দলের সদস্যদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।