কুমিল্লায় হাম ও নিউমোনিয়া উপসর্গে ছয় মাসের শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম ও নিউমোনিয়া উপসর্গে ছয় মাসের শিশুর মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লায় হাম ও নিউমোনিয়া উপসর্গ নিয়ে সিমরান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

রোববার (৭ জুন) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু সিমরান কুমিল্লা সদর উপজেলার নুরপুর এলাকার বাসিন্দা শিমুলের কন্যা। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের প্রাথমিক রোগ নির্ণয়ে দেখা যায়, শিশুটির দেহে হাম ও নিউমোনিয়া উপসর্গ ছিল। কোন রোগে সে আক্রান্ত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।