বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি- বুলবুল
সংগৃহীত
প্রথম দফায় আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর। এবার তিনি নির্বাচিত সভাপতি। গতকাল অনুষ্ঠিত হয়েছে বিসিবি নির্বাচন। পরিচালক নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
বিসিবির সভাপতি নির্বাচিত হয়ে বুলবুল জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন তিনি। এ কারণেই সভাপতি হিসেবে কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলার কথা থাকলেও লম্বা সময়ের জন্য দায়িত্ব নিলেন তিনি।
বুলবুল বলেন, ‘আমি এটাকে একটা যাত্রার অংশ ধরে নিয়েছি। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি।’
এদিকে সৌহার্দ্যের বার্তা দিয়ে বুলবুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। যাঁরা ক্রিকেট বোর্ডে আছেন, যাঁরা নেই—সব অংশীজনকে আমরা আহ্বান জানাব বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করতে এবং আমাদের সহযোগিতা করতে।’ প্রয়োজনে নির্বাচনের বিরোধীপক্ষের কাছে যাবেন, এমন কথা জানিয়ে আমিনুল পরে বলেছেন, ‘নির্বাচনের আগে সব দেশে, সব সেক্টরেই এমন হয়। কিন্তু আমার জানামতে, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ভেতর থেকেছি।’
এদিকে ৫ আগষ্টের পর বিসিবি সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। গতকালের নির্বাচনে তিনিও জয়ী হয়েছেন। পরে তিনি নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি। নতুন দায়িত্ব নিয়ে ফারুক বলেন, ‘কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে। কিন্তু আমাদের লক্ষ্য যেহেতু একটাই, আমার মনে হয় ছোটখাটো বিষয় থেকে বেরিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।’