তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির আটক

তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির আটক

সংগ্রহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার তালিকাভুক্ত ইয়াবা গডফাদার এবং চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি মনির হোসেনকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আটক করেছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় বিজিবি উখিয়ার ৬৪ ব্যাটালিয়নের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ইয়াবা কারবারি মনির হোসেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধামনখালী গ্রামের জব্বার মুল্লুকের ছেলে। মনির উখিয়া উপজেলা পরিষদের আওতায় একটি বাড়ি একটি খামার নামের সরকারি প্রকল্পের একজন সরকারি বেতনভুক্ত কর্মচারীর আড়ালে ইয়াবা কারবারে জড়িত রয়েছেন।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, ইতিপূর্বেও বিজিবির হাতে অনেক ইয়াবা চোরাকারবারি (বাংলাদেশি এবং রোহিঙ্গা) ধরা পড়েছে। তবে প্রায়শই দেখা যায় যে, আটক হওয়ারা মূলত বহনকারী কিংবা মাদক নেটওয়ার্কের সক্রিয় মাঠ পর্যায়ের চোরাকারবারী।

তিনি জানান, ‘মনিরের মতো গডফাদাররা বার বার পর্দার আড়ালে থেকে যায়। আমরা গডফাদারদের চিহ্নিত করছি।

পর্দার পেছনের মাদকের সঙ্গে জড়িত এ সমস্ত গডফাদারদের ধরার অভিযান অব্যাহত থাকবে।’

বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড় মাপের এই গডফাদারকে আটক করা হয়েছে। বিজিবি জানতে পারে যে, উখিয়ার ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনির ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির জন্য রহমতের বিল এলাকায় গমন করবে।

বালুখালী বিওপির একটি স্পেশাল দল আগে থেকেই কৌশলে এলাকায় অবস্থান নেয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে আসামি মনির পালানোর চেষ্টা করেও সক্ষম হয়নি। তাকে আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলার  ওয়ারেন্ট রয়েছে।