গোড়ালি ফাটা দূর করার উপায়
ছবি: সংগৃহীত
শীতকাল এখনো আসেনি। তবে শীত নিয়ে প্রস্তুতি সারছেন অনেকেই। ত্বকের বেহাল দশাও অনেকটা আগাম বার্তা দিচ্ছে শীতের। শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় পা অবহেলায়ই থাকে বলা যায়। ফলে গোড়ালি ফাটা সমস্যায় ভোগেন অনেকে।
কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যা থেকে পরিত্রাণ মেলা সম্ভব। গোড়ালি ফাটা সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে, জানুন তার উপায়-
১. নারকেল তেল
দেহের অন্যান্য অংশের তুলনায় পায়ের ত্বক এমনিতেই বেশি শুষ্ক হয়। এছাড়া শরীর পানির ঘাটতি হলেও পায়ের পাতা শুষ্ক হয়ে উঠতে পারে। এমন সমস্যা সমাধানের সহজ উপায় হলো নারকেল তেল ব্যবহার।
ঈষদুষ্ণ পানিতে কয়েক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ওই পানিতে পায়ের পাতা ডুবিয়ে বসে থাকুন। এরপর পিউমিক স্টোন দিয়ে গোড়ালি ঘষে নিলে সব মৃত কোষ উঠে যাবে সহজেই।
২. বেকিং সোডা
আরামদায়ক বা সঠিক মাপের জুতা না পরলে অনেকসময় পায়ের তলার চামড়ার কিছু কিছু অংশ পুরু হয়ে যায়। এই সমস্যাকে অনেকে ‘গুফো’ নামে চেনেন। প্রাথমিক অবস্থায় ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়তে পারে। এমন সমস্যা সমাধান করতে পারে বেকিং সোডা।
ছোট একটি পাত্রে পরিমাণ মতো বেকিং সোডা ও পানি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন খুব পাতলা না হয়ে যায়। এবার ওই মিশ্রণ পায়ের পাতার তলার খসখসে, পুরু অংশগুলোয় মাখিয়ে রাখুন। মিনিট ১৫ রেখে ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. মধু ও অলিভ অয়েল
কেবল শীত নয়, অনেকে সারাবছরই ফাটা গোড়ালির সমস্যায় ভোগেন। খালি পায়ে হাঁটাচলা করলে কিংবা দেহের অতিরিক্ত ওজনের কারণেও গোড়ালি ফাটতে পারে। শীতে এই ফাটল আরও গভীর হয়। এই সমস্যা সমাধানে অনেকে বাজারচলতি ক্র্যাক ক্রিম ব্যবহার করেন। ঘরোয়া সমাধান চাইলে ব্যবহার করতে পারে মধু ও অলিভ অয়েল।
ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই মিশ্রণ পায়ে মেখে রাখুন। ধোয়ার প্রয়োজন নেই। পারলে মোজা পরে নিন। পরের দিন সকালে উঠে পায়ের পাতা ধুয়ে ফেলুন। কয়েক দিন এই নিয়ম মানলেই ফাটা গোড়ালির সমস্যা উধাও হবে।