মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ৩৫০ কেজি পোনা অবমুক্ত

মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ৩৫০ কেজি পোনা অবমুক্ত

সংগ্রহীত ছবি

ময়মনসিংহে মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন জলাশয়ে শুরু হয়েছে ‘পোনামাছ অবমুক্তি কার্যক্রম ২০২৫’। এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশাঁ খা হল সংলগ্ন পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৯০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে শুধুমাত্র বাকৃবি ক্যাম্পাসের পুকুরে ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের তত্ত্বাবধানে বাকৃবিতে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ। 

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. নিপেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যাপক ড. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুন-অর-রশীদ, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, ময়মনসিংহের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা ও গবেষণার সমন্বয় অত্যন্ত জরুরি। মৎস্য অধিদপ্তর বাকৃবি এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) যৌথ উদ্যোগে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচি মাছের উৎপাদন বৃদ্ধি এবং জনগণের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।