সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আবেদনে তথ্য গোপন করে: ঢাবি কর্তৃপক্ষ

সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আবেদনে তথ্য গোপন করে: ঢাবি কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের সম্পর্কে অনুসন্ধান ও যাচাইবাছাই করে দেখা গেছে তারা অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে।  বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

শনিবার (১১ অক্টোবর) ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সত্যেন সেন শিল্পীগোষ্ঠী চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালনের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানকে উৎসব পালনের অনুমতি প্রদান করা হয়। কিন্তু বিগত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ চারুকলা অনুষদকে প্রেরণ করে। এমনকি আয়োজক কর্তৃপক্ষের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত করা পোস্টার চারুকলা অনুষদের গেটে প্রতিস্থাপন করে।”

“সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট হিসেবে বহু নেতিবাচক কর্মকাণ্ডের ছবিসহ তথ্য চারুকলা কর্তৃপক্ষের নিকট আসে এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।"

ঢাবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "উল্লেখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় চারুকলা অনুষদ অফিসে ডিনের সভাপতিত্বে অন্যান্য অংশীজনের সাথে আলোচনায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজকদের সম্পর্কে অনুসন্ধান ও যাচাইবাছাই করে দেখা যায় যে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে। তাদের বিগত ফ্যাসিবাদী শাসনামলের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা সাপেক্ষে শরৎ উৎসব ১৪৩২ এর অনুমতি বাতিল করা হয়।"

বিজ্ঞপ্তিতে বলা হয়, "যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এ দেশের ঋতুভিত্তিক সকল অনুষ্ঠানের মূল্যবোধকে ধারণ করে সেহেতু এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৩:০০টায় ঢাবির উদ্যোগে চারুকলা অনুষদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে।"