ময়মনসিংহের ভেনাস হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
সংগ্রহীত ছবি
ময়মনসিংহ নগরীর ভাটিকাশর রোডস্থ বেসরকারি ভেনাস হাসপাতালে শান্তা (২০) নামের এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে স্বজনদের আহাজারিতে তোলপাড় সৃষ্টি হলে ঘটনা ধামাচাপা দিতে সক্রিয় রয়েছে একটি চক্র। পরে রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ওই প্রসূতি নারীর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রবিবার ভোরে ভেনাস হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই প্রসূতি নারীর অবস্থা শঙ্কটাপন্ন হলে তাকে তড়িঘড়ি করে কমিউনিটি বেইজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (সিবিএমসি) পাঠানো হয়।
পরে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন নিহত নারীর স্বজনরা।
শান্তা নগরীর বলাশপুর এলাকার বাসিন্দা মো. মোস্তাকীমের স্ত্রী।
মোস্তিকীম বলেন, গত শনিবার বিকেল ৫টার দিকে ভেনাস হাসপাতালে আমার প্রসূতি স্ত্রীকে ভর্তি করি। এরপর রাত ৮টার দিকে আমার স্ত্রীর সিজার হলে তার খিঁচুনি শুরু হয়।
এ সময় আমার স্ত্রীকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে পেটে রেখে দেওয়া একটি যন্ত্র বের করে চিকিৎসকরা। এভাবে তারা ৩ বার অপারেশন করে। এতে রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হয়ে গেলে সারারাত সে ব্যথায় ফটফট করে। এরপর ভোরে আমার স্ত্রীকে ভেনাস হাসপাতাল থেকে তড়িঘড়ি বের করে কমিউনিটি বেইজ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (সিবিএমসি) পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ভুক্তভোগী স্বামী এ ঘটনার বিচার চেয়ে বলেন, এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড। তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।
নিহত নারীর মামী মোছা. আফরোজা বলেন, আমাদের রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা বলেছিল, সব নরমাল পজিশনে আছে। কোনো সমস্যা নেই।
কিন্তু ভেনাস হাসপাতালের ডাক্তাররা সিজার করে এই মৃত্যুর ঘটনা ঘটিয়েছে।
জানতে চাইলে ভেনাস হাসপাতালের পরিচালক মো. আজহার মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম না, তবে শুনেছি বিষয়টি নিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। এতে কত টাকা সিদ্ধান্ত হয়েছে, তা আমার জানা নেই।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে ওই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।