জবি শিবির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

জবি শিবির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইতিহাস বিভাগ এবং রানার্সআপ হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণে আয়োজিত এ বিতর্কে ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী রোকসানা মিতু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ছাত্রশিবির চায় বিশ্ববিদ্যালয়গুলো হোক সৃজনশীলতা ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরকে সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ ভালো মানুষ তৈরি করা— জ্ঞাননির্ভর সমাজ ও মানুষ গড়ে তোলা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির এই কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি চালিয়ে যাবে বলে আমি আশা রাখি।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিক রোকসানা মিতু বলেন, ইসলামী ছাত্রশিবিরের এই চমৎকার আয়োজন সত্যিই প্রশংসনীয়। বিতর্কের বিষয়গুলো সমসাময়িক হওয়ায় আমরা সমকালীন নানা বিষয়ে জানার ও মত প্রকাশের সুযোগ পেয়েছি।

‘এই সংসদ জকসু নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রে অরাজনৈতিক প্রার্থীদের প্রাধান্য দেবে’— এই প্রস্তাবের ওপর অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্বের বিতর্ক। প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ সাজিদের বড় বোন ফারজানা হক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।