পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার ইঙ্গিত
ছবি: সংগৃহীত
২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। এর মধ্যেই পরবর্তী এসএসসি পরীক্ষা কবে নেওয়া হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীদের সময় নষ্ট না করতে কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে, যা ডিসেম্বর মাসেই হতে পারে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জানুয়ারি মাস থেকে সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হয়েছে এবং তা ডিসেম্বরে শেষ হওয়ার কথা। সে ক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দিয়ে শিক্ষার্থীদের একটি বছর নষ্ট করার কোনো যৌক্তিকতা নেই।
এর আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছিল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়া হবে, তবে কোর্স শেষ হওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়সূচি নির্ধারণ করা হবে।
এ সময় তিনি আরও জানান, কোর্স শেষ করতে কোনো ঘাটতি না থাকে, সে জন্য সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া হচ্ছে। একই সঙ্গে জুলাই মাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের বিষয়টিও সামনে রেখে বোর্ডগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি শিক্ষার্থীদের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।